
রাজধানীর উত্তরার স্কয়ার মার্কেটে নিরাপত্তা কর্মীদের মারধরের শিকার হয়ে এক রিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে তৎপরতা চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরার স্কয়ার মার্কেটের সামনে রিকশা রাখা বা প্রবেশ নিয়ে নিরাপত্তা কর্মীদের সাথে এক চালকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নিরাপত্তা কর্মীরা সংঘবদ্ধ হয়ে ওই চালককে বেধড়ক মারধর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাথায় ও বুকে প্রচণ্ড আঘাত পাওয়ায় চালক ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। তবে অভিযোগ উঠেছে, ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি নিয়ে রাখঢাক শুরু করেছেন। নিহতের পরিবার এবং সহকর্মীদের অভিযোগ, পুলিশ ঘটনাটিকে ‘স্বাভাবিক মৃত্যু’ বা ‘দুর্ঘটনা’ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।
নিহত চালকের এক সহকর্মী আক্ষেপ করে বলেন, "আমগো গরিবের জীবনের কি কোনো দাম নাই? চোখের সামনে পিডায়া মারলো, আর অহন পুলিশ আইসা আমাগো মারে। আমরা এর বিচার চাই।"
ঘটনার পর থেকে স্কয়ার মার্কেটের ওই নিরাপত্তা কর্মীরা পলাতক রয়েছে। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি কিংবা কাউকে আটক করা সম্ভব হয়নি।
নিহত রিকশা চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায় নি।