প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৩:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২৬, ৩:৫৯ পি.এম
চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে বখতিয়ার নামে একজন স্ট্রোক করে মারা যায়

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা মাঠে এ ঘটনা ঘটে। নিহত বখতিয়ার (৫৫) উপজেলার ভেদামারি গ্রামের বাসিন্দা হাজী রফি উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুয়েল কার্ড বিতরণের শেষ দিন হওয়ায় সকাল থেকেই উপজেলা মাঠে মানুষের উপচে পড়া ভিড় ছিল। কার্ড সংগ্রহের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বখতিয়ার। পরে উপস্থিত লোকজন দ্রুত তাকে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আগের দিন থেকেই ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছিল। শেষ দিন হওয়ায় ভোর থেকেই মানুষ ভিড় জমাতে থাকে। দ্রুত কার্ড সংগ্রহের উদ্দেশ্যে বখতিয়ারও সকালে মাঠে যান।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, মৃত ব্যক্তি পূর্ব থেকেই হৃদরোগে ভুগছিলেন। লাইনে দাঁড়িয়ে থাকার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, অতিরিক্ত গরম ও শারীরিক অসুস্থতার কারণে তিনি স্ট্রোক করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন পরিস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
All Copy right Reserved @রুখে দাঁড়াও বাংলাদেশ