নিজস্ব প্রতিবেদক: 21 February 2026 , 1:14:06 প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগ-এর সহ-সভাপতি মনির সিকদার রাজনৈতিক মামলায় কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে আড়াইহাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে; বিরাজ করছে থমথমে পরিবেশ।
পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, মনির সিকদার দীর্ঘদিন ধরে রাজনৈতিক মামলায় কারাগারে আটক ছিলেন। স্বজনদের দাবি, মামলাটি ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা অভিযোগ করেন, কারাবন্দি অবস্থায় তিনি ন্যূনতম চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত ছিলেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, মনির সিকদার ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। কিছুদিন আগে তাঁর পায়ে অস্ত্রোপচার হয়। অভিযোগ রয়েছে, কারাগারে পর্যাপ্ত পরিচর্যার অভাবে অপারেশনের ক্ষতস্থানে সংক্রমণ দেখা দেয় এবং পরে তা গুরুতর আকার ধারণ করে। শারীরিক অবস্থার অবনতি হলে বারবার জামিন আবেদন করা হলেও জামিন মঞ্জুর হয়নি বলে পরিবারের দাবি।
এক পর্যায়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে স্বজনরা জানান। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হলে অনুমতি মেলেনি—এমন অভিযোগও করেছেন পরিবারের সদস্যরা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মৃত্যুর শোকের মধ্যেই মনির সিকদারের পরিবার আরও অভিযোগ তুলেছে যে, তিনি কারাগারে থাকার সুযোগে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি তাঁর মূল্যবান সম্পত্তির একটি অংশ দখল করে নিয়েছে। জেলহাজতে থাকায় তিনি বা তাঁর পরিবার কার্যকর প্রতিকার চাইতে পারেননি বলে দাবি করা হয়েছে।
মনির সিকদারের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
















